নওগাঁ জেলা সংবাদদাতাঃ শুক্রবার দুপুরে নওগাঁর ধামইরহাটে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের লাঠির আঘাতে জালাল উদ্দিন (৭০) নামে এক বৃদ্ধেও মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো দুই মহিলা। ধামইরহাট থানার ইন্সপেক্টর (তদন্ত) নাজমুল হক জানান, উপজেলার ছিলিমপুর গ্রামের কৃষক কফিল উদ্দিনের লাগানো আমন ধানের বীজতলা প্রতিবেসী ওবায়দুল ইসলামের ছেলে রাসেল গরু দিয়ে নষ্ট করে দেয়। খবর পেয়ে কফিলের স্ত্রী জ্যোৎস্না বেগম (২৫) ও তার বোন আমেনা খাতুন (২২) বীজতলায় গিয়ে রাসেলকে বাধা দেয়। তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারির সূত্রপাত ঘটে। জ্যোৎস্নার বৃদ্ধ চাচা জালাল উদ্দিন তাদের মারামারি থামাতে গেলে প্রতিপক্ষ ওবায়দুলের লোকজন লাঠি ও দরজার চৌকাঠ নিয়ে তাদের ওপর চড়াও হয়। লাঠির আঘাতে জালাল, জ্যোৎস্না ও আমেনা মারাত্মক আহত হয়। তাদের সবার মাথা কেটে যায়। গ্রামবাসীরা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে জালালের মৃত্যু হয়। আহত অপর দু’জনকে জয়পুরহাট আধুনিক হাসপাতালে ভর্তি করানো হয়। উপজেলা চেয়ারম্যান মো: মঈন উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এব্যাপারে ধামইরহাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। #

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন